স্বাস্থ্যসচেতন মানুষের কাছে চিয়া সিড এখন অত্যন্ত জনপ্রিয় একটি নাম। সাধারণত অনেকেই এই সুপারসিড পানিতে ভিজিয়ে বা ‘চিয়া ওয়াটার’ হিসেবে পান করে থাকেন। তবে ব্রিটেনের এনএইচএস সার্জন ও হেলথ কনটেন্ট ক্রিয়েটর ড. করণ রাজানের মতে, চিয়া সিড খাওয়ার এর চেয়েও স্মার্ট ও কার্যকর উপায় রয়েছে। তিনি চিয়া সিডকে দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন।
ড. রাজানের ব্যাখ্যা অনুযায়ী, দইয়ে থাকা ল্যাকটোবাসিলাস ও বিফিডোব্যাকটেরিয়ার মতো জীবন্ত ব্যাকটেরিয়া প্রোবায়োটিক হিসেবে কাজ করে। অন্যদিকে চিয়া সিডসে থাকা দ্রবণীয় ফাইবার ও মিউসিলেজ প্রিবায়োটিক হিসেবে ভূমিকা রাখে। এই দুইয়ের সংমিশ্রণ শরীরে প্রাকৃতিক সিম্বায়োটিক প্রভাব তৈরি করে। দইয়ের প্রোবায়োটিক ব্যাকটেরিয়া চিয়ার ফাইবারকে ফারমেন্ট করে শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড (SCFA) তৈরি করে, যা হজমশক্তি বাড়াতে, প্রদাহ কমাতে এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ ভূমিকা রাখে।
চিয়া সিডসে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসহ ফ্যাট-সোলিউবল যৌগগুলো শরীর ভালোভাবে শোষণ করতে পারে না যদি না পর্যাপ্ত ফ্যাট থাকে। দইয়ের ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং স্বাস্থ্যকর ফ্যাট এই পুষ্টি উপাদানগুলো শোষণে সহায়তা করে। এছাড়া চিয়া সিডসের ফাইবার, দইয়ের প্রোটিন ও ফ্যাট একত্রে দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। এটি শরীরে গ্লুকাগন-লাইক পেপটাইড (GLP-1), কোলিসিস্টোকাইনিন (CCK) ও PYY হরমোন নিঃসরণ বাড়িয়ে ক্ষুধা নিয়ন্ত্রণে সহায়তা করে, ফলে অপ্রয়োজনীয় স্ন্যাক্স খাওয়ার প্রবণতা কমে যায়।
ড. রাজান আরও জানান, শুধু পানিতে ভিজিয়ে খেলে চিয়া সিডস দ্রুত হাইড্রেট হয়ে কোলনে দ্রুত ফারমেন্ট হয়, যা অনেকের ক্ষেত্রে গ্যাস বা পেট ফাঁপার মতো সমস্যা তৈরি করতে পারে। কিন্তু দইয়ের প্রোটিন ও পেপটাইডের সঙ্গে খেলে এই ফারমেন্টেশন প্রক্রিয়াটি ধীরে ও সুষমভাবে সম্পন্ন হয়। এতে বাটিরেট ও প্রোপিওনেটের মতো উপকারী শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, যা অন্ত্রের জন্য অত্যন্ত কার্যকর।
এই স্বাস্থ্যকর খাবারটি তৈরি করা খুবই সহজ। দুই টেবিল চামচ চিয়া সিডস দইয়ের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলেই তা খাওয়ার উপযোগী হয়ে যায়। স্বাদের ভিন্নতা আনতে চাইলে এর সঙ্গে মধু, ফল বা বাদাম যোগ করা যেতে পারে। চিয়া ওয়াটারের ট্রেন্ড ছাপিয়ে দই ও চিয়ার এই কম্বিনেশন পুষ্টি শোষণ, ক্ষুধা নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি অন্ত্রের স্বাস্থ্যের জন্য একটি বুদ্ধিদীপ্ত উপায় হতে পারে।
সূত্র: প্রথম আলো








