কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা: বিজয়ী পাবেন ১০ লাখ রিয়াল

প্রকাশ:

কাতারের রাজধানী দোহার ঐতিহাসিক ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে শুরু হয়েছে মর্যাদাপূর্ণ ‘শাইখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা’র তৃতীয় আসর। বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী মেধাবী হাফেজদের অংশগ্রহণে এটি ‘বেস্ট অব দ্য বেস্ট’ ক্যাটাগরির একটি মেগা ইভেন্ট।

মারসাল কাতার ও ইকনা’র তথ্য অনুযায়ী, এবারের আসরে ১৯টি দেশের ৪২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। গত সোমবার থেকে শুরু হওয়া এই প্রথম পর্ব চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার প্রথম দিনে আটটি দেশের নয়জন প্রতিযোগী তাদের হিফজ ও তেলাওয়াতের দক্ষতা প্রদর্শন করেছেন। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে লড়ছেন মুআজ মাহমুদ।

প্রতিযোগিতার পরবর্তী ধাপ হিসেবে আগামী ১৫ নভেম্বর বাছাইকৃত সেরা ১০ জন ফাইনালিস্টের নাম ঘোষণা করা হবে। এরপর আগামী ১৬ ও ১৭ নভেম্বর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এবারের আসরে ‘সেরাদের সেরা’ বিজয়ী হাফেজকে প্রধান পুরস্কার হিসেবে এক মিলিয়ন কাতারি রিয়াল প্রদান করা হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজরা জানান, কুরআন হিফজ তাদের ব্যক্তিসত্তায় অসাধারণ আত্মবিশ্বাস তৈরি করেছে এবং মানসিক ও আচরণগত দক্ষতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নিয়মিত তেলাওয়াত ও পুনরাবৃত্তি তাদের স্মৃতিশক্তি প্রখর করার পাশাপাশি দায়িত্ববোধ ও সময় ব্যবস্থাপনায় দক্ষ করে তুলেছে। তারা তাদের এই সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণাকেই মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেছেন। হাফেজদের মতে, পবিত্র কুরআন কেবল তাদের আরবি ভাষার দক্ষতা বাড়ায়নি, বরং নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনেছে।

শেয়ার করুন