যশোরে বিএনপি নেতার বাড়িতে ককটেল ও হুমকি চিরকুট উদ্ধার

প্রকাশ:

যশোরে ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়ির উঠান থেকে দুটি অবিস্ফোরিত ককটেল ও হত্যার হুমকির চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নেতার নাম শিমুল হোসেন, যিনি চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক এবং স্থানীয় ছাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, ‘এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি।’ শিমুল হোসেন সাংবাদিকদের জানান, সকালে বাড়ির আঙিনায় লাল স্কচটেপ দিয়ে মোড়ানো জর্দার কৌটার মতো দুটি বস্তু দেখে তাঁর সন্দেহ হয়। তিনি আরও অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে কে বা কারা বাড়িতে ককটেল ছুড়ে মারলেও সেগুলো ফাটেনি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ডিবির একটি দল ও স্থানীয় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ককটেল সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়। এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্য নেতা-কর্মীরা।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাতে যশোর শহরের আদালত চত্বর, জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পার্শ্ববর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাথমিক সন্দেহের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং টহল বাড়ানো হয়েছে।

শেয়ার করুন