কুষ্টিয়ায় এমপির বাড়িতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় মামলা

প্রকাশ:

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় তিনি নিজে বাদী হয়ে এই মামলাটি করেন। এ ঘটনার পর দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করলেও তদন্তের প্রয়োজনে এজাহারভুক্ত আসামিদের পরিচয় আপাতত গোপন রাখার কথা জানিয়েছেন। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে তদন্তের স্বার্থে মামলায় এজাহার নামীয় আসামিদের নাম প্রকাশ করতে চাননি তিনি।

ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে।

সংসদ অধিবেশন চলার কারণে এমপি নুসরাত তাবাসসুম ঘটনার সময় ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে সেসময় তাঁর বাবা আব্দুল হালিম (যিনি টম মাস্টার নামে পরিচিত) এবং মা জহুরা খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন। গভীর রাতে পরপর তিনটি বিকট শব্দে বাড়ির সদস্যদের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে তাঁরা দেখেন, বসতঘর ও উঠানজুড়ে আগুন জ্বলছে। পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়, যারা পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নুসরাত তাবাসসুম ও তাঁর পরিবারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছিলেন এবং হত্যার পরিকল্পনা করছিলেন। এই আক্রোশ থেকেই পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে ও বিস্ফোরণ ঘটিয়ে তাঁর বাবা-মাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। অগ্নিকাণ্ডে বাড়ির এক-তৃতীয়াংশ মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া গোয়ালে থাকা তিনটি ছাগল পুড়ে মারা গেছে। সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে এজাহারে জানানো হয়েছে।

এ ঘটনায় কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আটজন স্থানীয় নেতাকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহরিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এছাড়াও অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলায় কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের ৮ জন নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

এই বর্বরোচিত হামলায় এমপি নুসরাত তাবাসসুমের পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজে থানায় গিয়ে এজাহার জমা দেওয়ার পর আইনি প্রক্রিয়া শুরু হয়। পুলিশ জানায়, মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সব ধরনের তৎপরতা চালানো হচ্ছে।

শেয়ার করুন