খারাপ ফল করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রকাশ:

এইচএসসি ও সমমানের পরীক্ষায় আশঙ্কাজনকভাবে কম পাসের হার বা শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, যেসব প্রতিষ্ঠানের ফলাফল হতাশাজনক, সেগুলোকে অবিলম্বে জবাবদিহির আওতায় আনা হবে। শিক্ষা খাতের সামগ্রিক মানোন্নয়ন এবং দায়বদ্ধতা নিশ্চিত করতেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন মন্ত্রী। এই সময়ের মধ্যে এ প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

গত বছরের তুলনায় এ বছর শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। প্রাপ্ত তথ্যমতে, চলতি বছর ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ, মাত্র এক বছরের ব্যবধানে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। বিপরীতে, ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন, যা মোট পরীক্ষার্থীর ৫২.১২ শতাংশ। সফল শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। মানহীন শিক্ষাপ্রতিষ্ঠান ও তাদের অস্বস্তিকর ফলাফলের বিষয়ে মন্ত্রী এহছানুল হক মিলনের এই কঠোর অবস্থান শিক্ষা খাতে শৃঙ্খলা ফেরানোর একটি বিশেষ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন