গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত মধ্যরাতে নতুন বাজার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার শুক্কুর আলী টঙ্গী পূর্ব আরিচপুর নতুন বাজার রেলগেট এলাকার হান্নান মিয়ার ছেলে। তিনি সংগঠনের টঙ্গী পূর্ব থানার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
অভিযান ও আইনি প্রক্রিয়া
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্কুর আলী নতুন বাজার রেলগেট এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার একটি টিম রাত ৩টার দিকে সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, শুক্কুর আলীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ








