রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২, আহত ২৪ বাংলাদেশি

প্রকাশ:

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন বাংলাদেশি। গত শনিবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে বিমানবন্দরের টার্মিনাল-৩ ভবনের ওপর এই ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় মোট ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। আহত বাংলাদেশিদের মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ যাত্রী রয়েছেন। ঘটনার পরপরই রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে হতাহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি এবং আহতদের মধ্যে ২৪ জন বাংলাদেশি রয়েছেন। রোববার রাতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস এসব তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

আহত বাংলাদেশিরা বর্তমানে রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে তিনজন কিং আব্দুল্লাহ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন, যাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে দূতাবাস। চিকিৎসাধীন এই তিন বাংলাদেশি হলেন ঢাকার হাফেজ হাসান, ব্রাহ্মণবাড়িয়ার কাজী নুরুল্লাহ এবং সৌদি প্রবাসী কর্মী মো. ওমর ফারুক। দূতাবাসের একটি প্রতিনিধিদল হাসপাতালে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া ন্যাশনাল গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নওগাঁর সাফকাত রহমান ও কুমিল্লার মো. দাউদুল ইসলাম। রিয়াদ মেডিক্যাল হাসপাতালে ভর্তি আছেন ঢাকার মো. সাইমুল ইসলাম সৌরভ ও আবুল মনসুর মো. রিয়াজ উদ্দীন। প্রিন্স সুলতান মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকার মো. আব্দুল্লাহ এবং সুলাইমান আলহাবিব হাসপাতালের তাখাসসুসি শাখায় চিকিৎসাধীন রয়েছেন ঢাকার আরমান হোসেনসহ আরও তিন বাংলাদেশি। এ ঘটনায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা হতাহত হন।

অন্যান্য হাসপাতালের তথ্য অনুযায়ী, কিংডম হাসপাতালে চিকিৎসাধীন মো. রফিক মিয়া। কিং খালেদ মেডিক্যাল সিটিতে চিকিৎসাধীন ইসমাইল হোসাইন, মো. মিসবাহ উদ্দিন হীরক ও মো. রায়হানুল ইসলাম। প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ বাংলাদেশি কর্মী হলেন সালমা আক্তার, মো. শাহাদাত হোসেন, মোশাহিদ আহমেদ সৈকত, জাহিদ আহমেদ এবং সোহবে সাদেক মো. শাহজাহান সরকার। এছাড়া এজতাহ সনদ হাসপাতালে মো. আসাদুল ইসলাম ও মো. জামাল, সুলাইমান ফকিহ হাসপাতালে নাজমা আক্তার এবং সুলাইমান আলহাবিব হাসপাতালের আলসাহাফা শাখায় উমায়ের ও আব্দুল্লাহ কামিল চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন