ত্বকের ক্যানসার বা মেলানোমায় আক্রান্ত উচ্চ ঝুঁকির রোগীদের জন্য একটি নতুন ব্যক্তিকেন্দ্রিক টিকা আশার আলো দেখাচ্ছে। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক ও মডার্নার যৌথ উদ্যোগে তৈরি ‘ইন্টিসমেরান’ নামের এই টিকাটি ইমিউনোথেরাপির ওষুধ কিট্রুডার সঙ্গে প্রয়োগ করা হয়। প্রাথমিক ট্রায়ালের ফলাফলে দেখা গেছে, অস্ত্রোপচারের পর এই সম্মিলিত চিকিৎসা গ্রহণকারী রোগীদের ক্যানসারমুক্ত থাকার সময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু কিট্রুডা ব্যবহারের তুলনায় এই নতুন চিকিৎসায় রোগীরা দীর্ঘ সময় সুস্থ থাকতে পেরেছেন এবং ক্যানসার শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ার ঝুঁকিও হ্রাস পেয়েছে।
এই ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে এক হাজারের বেশি রোগী অংশ নিয়েছিলেন। তাঁদের সবারই দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ পর্যায়ের উচ্চ ঝুঁকির মেলানোমা ছিল। কারো কারো শরীরে বড় টিউমার ছিল, আবার কারো ক্যানসার ইতিমধ্যে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছিল। গবেষণায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান দুটির দাবি, এই টিকা ও ওষুধের সমন্বিত ব্যবহার ক্যানসার চিকিৎসায় এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে এই সুবিধা কত দিন স্থায়ী হবে, তা নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ক্যানসার বিশেষজ্ঞরা এই ফলাফলকে যুগান্তকারী হিসেবে অভিহিত করলেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কারণ, পরীক্ষার পূর্ণাঙ্গ তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি এবং স্বাধীন কোনো বিশেষজ্ঞ দল দ্বারা তা যাচাই বা পর্যালোচনা করা হয়নি। এছাড়া, চিকিৎসার এই পদ্ধতিটি সাধারণ রোগীদের জন্য উন্মুক্ত করার আগে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে।
পরীক্ষার সব ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পর এই চিকিৎসাব্যবস্থা ব্যবহারের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের প্রয়োজন হবে। এরপর যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বা এনএইচএস ব্যবস্থায় এই টিকা অন্তর্ভুক্ত করার জন্য আলাদাভাবে আরও একটি অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের এই নতুন উদ্ভাবনটি ক্যানসার রোগীদের জন্য একটি সম্ভাবনাময় পথ হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: প্রথম আলো






