নেত্রকোণায় ভাড়া বাসা থেকে যুবকের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়, তদন্তে পুলিশ

প্রকাশ:

নেত্রকোণা শহরের কুরপাড় এলাকার তিতাস নগরের একটি ভাড়া বাসা থেকে আকাশ তালুকদার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ওই বাসা থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। নিহত আকাশ আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশিউড়া গ্রামের মৃত সোরাব তালুকদারের ছেলে। তিনি শহরের সাতপাই এলাকায় অবস্থিত একটি ওয়ালটন শোরুমে কর্মরত ছিলেন এবং মাহাবুল আলম মোহনের বাসায় ভাড়া থাকতেন।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, ওই বাসার অন্য ভাড়াটিয়ারা কক্ষের মেঝেতে আকাশের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নেত্রকোণা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তার গলায় বিদ্যুতের তার জড়ানো অবস্থায় ছিল।

পুলিশ কর্মকর্তা সজল কুমার সরকার আরও জানান, ইতিমধ্যে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

শেয়ার করুন