রোববার রাতে ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তান। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। সংস্থাটি শুরুতে কম্পনটির মাত্রা ৫.৮ বলে ধারণা করলেও পরবর্তীতে তা সংশোধন করে ৫.২ নির্ধারণ করে। পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৫ অক্টোবর) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে দুই দেশের একাধিক অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। কেন্দ্রটি আরও জানিয়েছে, ভূমিকম্পটি ১১০ কিলোমিটার (৬৮.৩৫ মাইল) গভীরতায় আঘাত হেনেছে।
আফগানিস্তানের রাজধানী কাবুল ও নানগারহারসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশে ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ। এছাড়া পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও মানুষ তীব্র কম্পন টের পেয়েছেন বলে জিও নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে রয়টার্সের দেওয়া তথ্যমতে, দক্ষিণ এশিয়ার এই দুই দেশের কোথাও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবরও নিশ্চিত করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে।
সূত্র: যুগান্তর








