সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যন্ত সুনির্দিষ্ট ও নিখুঁত হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের বাহিনী বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একইসঙ্গে সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চলের অপরিশোধিত তেলবাহী পাম্পিং স্টেশনে একাধিক ড্রোন হামলার দাবিও করেছেন তিনি। তবে এসব হামলার তথ্যের বিষয়ে নিরপেক্ষ কোনো উৎস থেকে বিস্তারিত যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে সৌদি বাহিনীর পক্ষ থেকে রিয়াদের উদ্দেশ্যে ছোড়া হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের বিষয়টি নিশ্চিত করা হয়। এর পরপরই ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে যে, তারা এর জবাব হিসেবে ইয়েমেনের রাজধানী সানায় দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এর আগে হুতিরা অভিযোগ করেছিল, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের হোদেইদা, লাহিজ, আমরান, সাদা, আল-জাওফ, তাইজ ও ইব প্রদেশে সৌদি জোট অন্তত ৫৬টি বিমান হামলা করেছে।
উল্লেখ্য, রোববারও রিয়াদের এই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দাবি জানিয়েছিল হুতিরা। একই সময়ে তারা খামিস মুশাইত শহরের কিং খালেদ বিমানঘাঁটি এবং জাজানের একটি নৌঘাঁটিতেও হামলার দাবি করেছিল। সৌদি জোটের পাল্টা আক্রমণ ও হুতিদের এই ধারাবাহিক হামলার বিবৃতির সত্যতা নিয়ে এখনও কোনো নিরপেক্ষ তথ্য পাওয়া যায়নি।
সূত্র: মানবজমিন








