আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ১১টি রাজনৈতিক দল তাদের একক প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে চূড়ান্ত করেছে। রোববার সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এই বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, বর্তমান সংকটময় সময়ে কর্নেল (অব.) অলি আহমদ প্রেসিডেন্ট পদের জন্য একজন উপযুক্ত প্রার্থী। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করেই প্রেসিডেন্ট নির্বাচন হওয়া উচিত ছিল। তবে বিএনপি ও বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটেনি, বরং তারা পুরোনো স্বৈরাচারের পথ অনুসরণ করছে বলে তিনি অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, প্রেসিডেন্ট নির্বাচন ও জুলাই সনদ নিয়ে বিএনপির দ্বিচারিতা এবং সরকারের নির্বাচন-পরবর্তী অবস্থান নিয়ে ১১ দলের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনকে নিয়ে প্রশ্ন তুলে বলেন, ট্রানজিশন বা অন্তর্বর্তীকালীন সময়ে বিএনপি সবসময় সুযোগ নেওয়ার চেষ্টা করে। তাই নতুন প্রেসিডেন্ট এই সময়ে কী ভূমিকা পালন করবেন, তা নিয়ে সংশয় রয়েছে।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার জন্য বিএনপি ও সরকার উভয়ই দায়ী। আমরা ঐক্যবদ্ধ থাকলেও তাদের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। তবে নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে আমরা জনগণের কাছে একটি বার্তা দিতে চাই যে, আমরা আমাদের অবস্থানে অটল ও ঐক্যবদ্ধ। জনগণ বিষয়গুলো পর্যবেক্ষণ করুক, এটাই আমাদের প্রত্যাশা।
উল্লেখ্য যে, এই বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে এবং ২০ আগস্ট প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সূত্র: মানবজমিন








