বিমানে ঘুমন্ত নারীকে হয়রানির ঘটনায় পাকিস্তানি নাগরিকের কারাদণ্ড ও থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশ:

দুবাই থেকে ব্যাংককগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে ঘুমন্ত এক নারী যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে পাকিস্তানের এক নাগরিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের একটি আদালত। আদালতের রায়ে তাকে ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানার পাশাপাশি ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিমানটি ব্যাংককে অবতরণের পরপরই থাই পুলিশ অভিযুক্ত যাত্রীকে আটক করে।

ঘটনাটি ঘটে দুবাই থেকে ব্যাংককগামী একটি রাতের ফ্লাইটে। ভুক্তভোগী নারী যাত্রী অর্ননিচা জানান, সময়ের পার্থক্যের সঙ্গে মানিয়ে নিতে তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন। গভীর ঘুমে থাকা অবস্থায় তিনি অনুভব করেন, কেউ তার শরীরের ডান পাশের নিতম্বের কাছে আপত্তিকরভাবে স্পর্শ করছে। এ সময় তার গায়ে একটি কম্বল ছিল এবং তিনি সেখানে ভেজা অনুভূতি পান। ঘুম ভাঙার পর তিনি বিভ্রান্ত থাকলেও, পাশের যাত্রীর অস্বাভাবিক আচরণ ও বিমানের বিনোদন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ভঙ্গি দেখে তার সন্দেহ দৃঢ় হয়।

ভুক্তভোগী নারী বিষয়টি তাৎক্ষণিকভাবে কেবিন ক্রুদের অবহিত করেন। বিমানকর্মীরা অভিযুক্ত যাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তবে ভুক্তভোগী বিষয়টি মীমাংসা করতে অস্বীকৃতি জানান এবং ব্যাংককে বিমান অবতরণের পর পুলিশি সহায়তার অনুরোধ করেন। এ সময় সহায়তায় এগিয়ে আসা এক থাই কেবিন ক্রু সদস্য ভুক্তভোগীর পোশাকে একটি দাগ দেখতে পান, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। তিনি আশঙ্কা করেন যে, ঘুমন্ত অবস্থায় তার সঙ্গে আরও গুরুতর কোনো ঘটনা ঘটেছে।

থাইল্যান্ডের ট্যুরিস্ট পুলিশ দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযুক্তকে আদালতে হাজির করে। বিচারিক প্রক্রিয়ায় আদালত তাকে তিন বছরের কারাদণ্ড, ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে অর্ননিচা জানান, বহুবার আন্তর্জাতিক ভ্রমণ করলেও এমন পরিস্থিতির মুখোমুখি তিনি আগে কখনো হননি। তিনি বিশেষ করে একা বা সন্তানসহ ভ্রমণকারী যাত্রীদের অপরিচিত সহযাত্রীর বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

শেয়ার করুন