বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন প্রেসিডেন্টের ধন্যবাদ

প্রকাশ:

বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউজ থেকে পাঠানো এই চিঠিতে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাংলাদেশের আগামীর উজ্জ্বল সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো চিঠিটি তিনি পেয়েছেন এবং এই সিদ্ধান্তের জন্য তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। ট্রাম্প আশ্বস্ত করে লেখেন, বোয়িং কর্তৃপক্ষ হতাশ করবে না এবং তিনি বিষয়টি ব্যক্তিগতভাবে গুরুত্বের সঙ্গে মনে রাখবেন। এই প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর বিশেষ মনোযোগের জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নিকট ভবিষ্যতে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ ও এ দেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে আরও বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত করেছেন। তবে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ ও দেশের মানুষ অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠির শেষাংশে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ইতিবাচক বার্তা দিয়ে নিজের স্বাক্ষর যুক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

শেয়ার করুন