রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

প্রকাশ:

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ বছর। তাঁর পরনে ছিল নীল রঙের শার্ট ও সাদা পায়জামা। তবে এখন পর্যন্ত তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আবদুল কাদের জানান, দুর্ঘটনার পর তিনি ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে আরেক পথচারীর সহায়তায় তাঁকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত একটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

শেয়ার করুন