জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবনযাপন ও খাবারের খরচ নিয়ে মন্তব্য করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে খাবারের আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার কার্যপ্রণালী-বিধির ৬৮ বিধির আওতায় আলোচনার সময় এই ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা হওয়ার বিষয়টি উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রীর এই সাদামাটা জীবনযাপন তাকে উৎসাহিত করে। তিনি আরও বলেন, এত কম খরচে খাবার গ্রহণ করা তার পক্ষে সম্ভব হয় না, তার নিজের খরচ কিছুটা বেশিই হয়।
বিরোধীদলীয় নেতার এই মন্তব্যের সময় সংসদে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান হাতের ইশারায় তাকে খাবারের আমন্ত্রণ জানান। একই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও মাইক ছাড়াই বিরোধীদলীয় নেতাকে খাবারের কথা বলে প্রধানমন্ত্রীর দিকে ইশারা করেন। এর জবাবে শফিকুর রহমান বলেন, “হ্যাঁ, খাওয়ায় দিবেন? অনেক ধন্যবাদ। আমি তো একা খাব না। আমি তো ১৮ কোটি মানুষ নিয়ে খাইতে চাই। আমি সবাইকে নিয়ে খেতে চাই। তারপরেও ধন্যবাদ এই অফারটা দেওয়ার জন্য।”
প্রধানমন্ত্রী জাঁকজমকপূর্ণ জীবনযাপন এড়িয়ে সাধারণভাবে চলেন বলে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এটি অনুসরণ করার মতো একটি বিষয়। তবে যারা প্রধানমন্ত্রীকে নিজেদের ‘আইকন’ হিসেবে দাবি করেন, তাদের আচরণের সমালোচনা করেন তিনি। বিরোধীদলীয় নেতা বলেন, “তিনি যদি এই সমস্ত মানুষের আইকন হয়ে থাকেন, তাহলে তাকে তো ফলো করা উচিত। সকল ক্ষেত্রে ফলো করা উচিত। তখন সেটা তো আমরা দেখি না। আমরা জাস্ট তার রিভার্সটাই দেখি।” কাউকে আইকন মানলে তার ভালো দিকগুলো অনুসরণ করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
একই সাথে প্রধানমন্ত্রী ভুলের ঊর্ধ্বে নন উল্লেখ করে শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সব কথায় ‘হ্যাঁ’ বলার প্রয়োজন নেই। এর আগে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনার সময় তিনি দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। প্রতিবেদনে যোগ করা তথ্য: কারণ এত কম টাকায় আমিও খাইতে পারি না।
সূত্র: মানবজমিন








