সিরীয় ভূখণ্ডে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অবৈধ প্রবেশের ঘটনায় কাতারের কঠোর নিন্দা

প্রকাশ:

সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবৈধ প্রবেশ ও আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের বিষয়টি নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার। দোহা মনে করে, এ ধরনের কর্মকাণ্ড সিরিয়ার সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের সরাসরি পরিপন্থী। এই ঘটনাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাতার সরকার অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষ করে ১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তি বা ডিসএনগেজমেন্ট এগ্রিমেন্ট যথাযথভাবে মেনে চলতে ইসরায়েলি বাহিনীকে বাধ্য করতে হবে। এছাড়া সিরিয়ার ভূখণ্ডে নিয়মিত সামরিক হামলা বন্ধের জন্য কার্যকর আন্তর্জাতিক ভূমিকা রাখার ওপর জোর দিয়েছে কাতার, যাতে এই অঞ্চলে নতুন কোনো সংঘাত বা উত্তেজনার সৃষ্টি না হয়।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি কাতার তাদের অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে দেশটির স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লড়াইয়ে সিরিয়ার জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দোহা।

শেয়ার করুন