সৌদি আরবের স্বাস্থ্য খাতে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন হেলথ হোল্ডিং কোম্পানি জানিয়েছে, চলতি বছরে নতুন শূন্যপদ, সম্পন্ন হওয়া নিয়োগ এবং অনুমোদিত প্রশিক্ষণ চুক্তি মিলিয়ে সব মিলিয়ে মোট সুযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০টি।
প্রকাশিত তথ্যে দেখা যায়, গত ১৯ অক্টোবর সোমবার দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলে নতুন করে ৪ হাজার ২৯১টি শূন্যপদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতের মান উন্নয়ন, জনবল সংকট দূর করা এবং দক্ষ কর্মীদের আকৃষ্ট করতেই এই পদগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে। তবে নতুন এই শূন্যপদগুলোর বিশদ বিবরণ জানতে সংশ্লিষ্ট এলাকার আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
কোম্পানির পরিসংখ্যান অনুসারে, চলতি বছর ইতোমধ্যেই ১২ হাজার ৯১৪ জন সৌদি নাগরিককে চাকরি দেওয়া হয়েছে। এর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আরও ২ হাজার ৪০৫টি প্রশিক্ষণ চুক্তি অনুমোদন পেয়েছে। এই বাস্তবায়িত নিয়োগ, প্রশিক্ষণ এবং সদ্য ঘোষিত শূন্যপদ মিলিয়েই মোট সুযোগের সংখ্যা ১৯ হাজার ৬১০টিতে পৌঁছেছে। ফলে সবকটি পদই যে বর্তমানে আবেদনযোগ্য, বিষয়টি তেমন নয়। অর্থাৎ, সবগুলো পদ বর্তমানে খালি নেই বা সব পদে এখনই আবেদন করা যাবে—বিষয়টি এমন নয়।
আগ্রহী প্রার্থীরা নিজ নিজ অঞ্চলের স্বাস্থ্য পোর্টালে ঢুকে পদের বিবরণ, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত শর্তাবলি দেখে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। প্রতিটি অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ১৫ দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করার নিয়ম রাখা হয়েছে। তাই আবেদনের পূর্বে সময়সীমা সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন।
যেহেতু এই প্রক্রিয়ার প্রধান লক্ষ্য স্থানীয় সৌদি নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধি করা, তাই নতুন ঘোষিত ৪ হাজার ২৯১টি পদে বাংলাদেশিসহ বিদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিদেশি চিকিৎসক, নার্স ও মিডওয়াইফদের জন্য পৃথক সুযোগ থাকতে পারে, যেখানে পেশাগত নিবন্ধন ও লাইসেন্সের শর্ত পূরণ করতে হয়। বাংলাদেশি চাকরিপ্রার্থীদের বিজ্ঞপ্তির মূল শর্তাবলি যাচাই করে তবেই আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: যুগান্তর








