২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১১টি বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আহ্বানে সাড়া দিয়ে অনেক বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠান পূর্বঘোষিত সূচি অনুযায়ীই পরীক্ষা নেওয়ার অবস্থানে অটল রয়েছে। গতকাল বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশের ১১টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা শিক্ষা খাতের ভর্তি পরীক্ষার দিনক্ষণ নির্ধারিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত সূচি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার (৯ নভেম্বর) সাধারণ ভর্তি কমিটির এক জরুরি সভায় জানিয়েছে, তারা আগের ঘোষণা অনুযায়ীই ভর্তি পরীক্ষা নেবে। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। নতুন সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচিতে বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে। ভর্তি কমিটির সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। তবে আবেদনের সময় অপরিবর্তিত রাখা হয়েছে; শিক্ষার্থীরা ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের পর সাত দিন আবেদনের বিশেষ সুযোগ পাবেন। শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত সূচিই বহাল রেখেছে। আগামী ১ জানুয়ারি ২০২৭ ‘এ’, ৮ জানুয়ারি ২০২৭ ‘ই’, ১৫ জানুয়ারি ২০২৭ ‘বি’, ২২ জানুয়ারি ২০২৭ ‘সি’ এবং ২৩ জানুয়ারি ২০২৭ ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনের সুযোগ পাওয়া যাবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। অন্যদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আগামী ১৬ জানুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ভর্তিচ্ছুরা ২১ নভেম্বর থেকে আবেদনের সুযোগ পাবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত। ইউনিটের বিন্যাস অনুযায়ী, ২৯ জানুয়ারি ‘সি’, ৩০ জানুয়ারি ‘এ’, ৫ ফেব্রুয়ারি ‘বি’ এবং ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। এছাড়া উপ-ইউনিট হিসেবে ৩ ফেব্রুয়ারি ‘বি-১’, ৪ ফেব্রুয়ারি ‘বি-২’ এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি-১’ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিতে আবেদনের সময় বাড়িয়ে ১০ ডিসেম্বর ২০২৬ থেকে ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত করা হয়েছে এবং ফি জমার শেষ তারিখ ১২ জানুয়ারি ২০২৭।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার সময়সূচি বহাল রয়েছে, তবে শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিনগুলোতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়ে আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ২০২৭ নির্ধারণ করেছে। এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৮ জানুয়ারি ২০২৭ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুয়েটে আবেদনের প্রক্রিয়া ১০ নভেম্বর শুরু হয়েছে এবং চলবে ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত, যেখানে ১৭টি বিভাগে মোট ১,১০৫টি আসনে ভর্তি নেওয়া হবে।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) নতুন সূচি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে। আবেদন গ্রহণ শুরু হবে ৫ জানুয়ারি থেকে। এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এইচএসসির ফল ও সম্পূরক পরীক্ষার বিষয়টি মাথায় রেখে পরীক্ষার তারিখ পিছিয়ে ৩০ জানুয়ারি ২০২৭ নির্ধারণ করেছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে ১৭ ও ১৮ জানুয়ারি ২০২৭ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
ইউজিসির অনুরোধ সত্ত্বেও কিছু বিশ্ববিদ্যালয় তাদের পূর্বঘোষিত সূচিতে অটল থাকায় সম্পূরক পরীক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বেশ কিছু প্রতিষ্ঠান সম্পূরক পরীক্ষার্থীদের জন্য নতুন করে আবেদনের সুযোগ রাখায় ভর্তিচ্ছুদের জন্য কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
সূত্র: প্রথম আলো








