হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ ও স্বাভাবিক রাখার লক্ষ্যে মাইন অপসারণ এবং একটি অস্থায়ী শিপিং করিডোর চালুর প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) তেহরানে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে অঞ্চলজুড়ে চলমান উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আলোচনার জন্য একটি স্থিতিশীল পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দুই দেশের মন্ত্রীরা একমত হয়েছেন যে, সংলাপের মাধ্যমেই বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব এবং এটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার জন্য অপরিহার্য।
বৈঠকের অন্যতম প্রধান আলোচনার বিষয় ছিল হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি সাময়িক শিপিং করিডোর বা নৌপথ তৈরির পরিকল্পনা। এর পাশাপাশি, ওই এলাকায় বিদ্যমান মাইন অপসারণের জন্য ইরান ও কাতারের মধ্যে একটি যৌথ প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এই উদ্যোগ সফল হলে গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক পরিবহন ব্যবস্থা আরও নিরাপদ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, উত্তেজনা হ্রাস, সংলাপের পরিবেশ নিশ্চিতকরণ এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের সামগ্রিক পরিস্থিতি উন্নত করাই এই যৌথ প্রচেষ্টার মূল লক্ষ্য। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান এই পথটিকে সচল রাখার বিষয়ে উভয় দেশই তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সূত্র: গালফ বাংলা








