গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনায় ৮ মুসলিম দেশের তীব্র নিন্দা

প্রকাশ:

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানসহ আটটি মুসলিম দেশ। এই দেশগুলোর তালিকায় রয়েছে পাকিস্তান, মিসর, তুরস্ক, ইন্দোনেশিয়া, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনি জনগণকে যেকোনো অজুহাতে তাদের ভূমি থেকে উচ্ছেদের যেকোনো পরিকল্পনা বা প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তারা এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইলি মন্ত্রীদের এই ধরনের প্রস্তাব ও বক্তব্য আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা এবং আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে, এসব উসকানিমূলক বক্তব্য ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন