ঈশ্বরদীতে দোকানে চুরির ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি: গণপিটুনিতে একজন নিহত, আহত তিন

প্রকাশ:

পাবনার ঈশ্বরদীতে একটি মুদি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতার গণপিটুনিতে সুমন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত প্রায় ১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নিহত সুমন একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে। এ ঘটনায় দোকান মালিক হবিবুল ইসলাম ও তার দুই ছেলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে মুদি ব্যবসায়ী হবিবুল ইসলামের দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন সুমন। দোকানের পাশেই বসতবাড়ি হওয়ায় শব্দ পেয়ে হবিবুল ইসলাম বাইরে বের হয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় সুমন ধারালো অস্ত্র দিয়ে হবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সুমনকে আটক করে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন