অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি নিয়ে সম্প্রতি একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্যুৎ বিভাগ। এই ধরনের বিভ্রান্তিকর তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিভাগটি বলেছে, গ্রাহকদের কাছ থেকে পাওয়া বিদ্যুৎ বিল সংক্রান্ত পূর্বের সব অভিযোগ এরই মধ্যে সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোর মাধ্যমে সমাধান করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, বিদ্যুৎ বিল নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার ছড়ানোর অবকাশ নেই।
মন্ত্রণালয় জানিয়েছে, কোনো গ্রাহকের বিল নিয়ে প্রকৃত কোনো অভিযোগ থাকলে তা প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো ধরনের প্রমাণ ছাড়া শুধুমাত্র বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ালে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
সূত্র: যুগান্তর








