পরিবহন খাতে গ্যাস সংকটের কারণে প্রতিদিন প্রায় ১২৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে এবং ৯ কোটি কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে জানিয়েছে ২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি তাদের বিভিন্ন দাবি ও উদ্বেগের কথা তুলে ধরে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক বেলাল আহমেদ। তিনি জানান, ২০০২ সালে দেশে পরিবেশবান্ধব সিএনজিচালিত যানবাহনের যাত্রা শুরু হয় এবং বর্তমানে প্রায় ৫০ লাখ সিএনজিচালিত যানবাহন সড়কে চলাচল করছে। তবে মহেশখালী এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। সিএনজি স্টেশনগুলোতে যেখানে ন্যূনতম ১৫ পিএসআই চাপ থাকার কথা, সেখানে বর্তমানে মাত্র ৪-৫ পিএসআই চাপ পাওয়া যাচ্ছে।
সংগঠনটি তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে—দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রেখে যানবাহনের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা। এছাড়া পাম্প থেকে অবৈধভাবে সিলিন্ডার ও কাভার্ডভ্যানে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
দাবিগুলোর মধ্যে আরও রয়েছে সিএনজি স্টেশনগুলোর জন্য বরাদ্দকৃত ৪.৫০ শতাংশ গ্যাসের জন্য পৃথক লাইন স্থাপন করা, যাতে তা অন্য খাতে ব্যবহার করা না যায়। পাশাপাশি কেবল বৈধ সিএনজিচালিত যানবাহনেই গ্যাস সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
পঞ্চম দাবিতে বলা হয়েছে, ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে গ্যাস দেওয়া, ভিআইপি সুবিধা বাতিল, কৃত্রিম সংকট ও মিটার কারসাজি রোধ এবং ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে।
দাবি আদায় না হলে আগামী ১৬ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোলটেবিল বৈঠক এবং ২৪ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে গণজমায়েত ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন বেলাল আহমেদ।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মো. গোলাম ফারুকসহ সিএনজিচালিত পরিবহন খাতের মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, এই প্রতিবেদনের সকল তথ্য ও উপাত্ত কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
তারা বলছেন,গ্যাস সংকটে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার কারণে পরিবহন খাতে দৈনিক প্রায় ১২৫ কোটি টাকার আর্থিক ক্ষতি এবং ৯ কোটি কর্মঘণ্টা অপচয় হচ্ছে।
সূত্র: যুগান্তর








