পরবর্তী জেমস বন্ড কে হবেন, তা নিয়ে হলিউডে চলছে নানা জল্পনা। এই দৌড়ে ব্রিটিশ অভিনেতা জ্যাক লোডেনের নামও উঠে এসেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি কানাডার একটি টেলিভিশন অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন লোডেনের সহ-অভিনেতা গ্যারি ওল্ডম্যান। তিনি দাবি করেছিলেন যে লোডেন সম্ভাব্য অভিনেতাদের তালিকায় রয়েছেন এবং নতুন বন্ড নির্বাচনও হয়তো হয়ে গেছে। যদিও পরবর্তীতে তিনি নিজের বক্তব্য থেকে কিছুটা সরে আসেন এবং অ্যামাজন এমজিএম স্টুডিওস এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
স্বামীর বন্ড হওয়া নিয়ে বাড়ির ভেতর খুব একটা আলোচনা হয় না বলে জানিয়েছেন লোডেনের স্ত্রী, আইরিশ অভিনেত্রী সার্শা রোনান। সম্প্রতি অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁদের সংসারে কাজ নিয়ে খুব বেশি আলাপ হয় না। রোনানের ভাষ্যমতে, তারা সাধারণত কাজের চাপে দিন শেষে বাড়ি ফিরে কুকুরকে হাঁটানো বা রাতের খাবার তৈরির মতো গৃহস্থালি কাজে ব্যস্ত থাকেন, ফলে বন্ডের মতো বড় কোনো বিষয় সেখানে আলোচনায় আসে না। তবে নিজের কর্মজীবন নিয়ে বেশ সিরিয়াস এই অভিনেত্রী বন্ড সিরিজের সিনেমায় যুক্ত হওয়ার বিষয়ে বেশ আগ্রহী।
নায়িকা নয়, বরং জেমস বন্ডের প্রতিপক্ষ বা খলনায়িকা হিসেবে পর্দায় আসতে চান চারবারের অস্কার মনোনীত এই অভিনেত্রী। এম্পায়ার সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের এই ইচ্ছার কথা স্পষ্ট করে জানিয়েছেন। তিনি বলেন, তিনি অন্ধকারের গভীরে ডুব দিতে চান এবং বন্ডের খলনায়িকা হওয়ার বিষয়টি নিয়ে তিনি একেবারেই সিরিয়াস। এর আগে ‘লেডি বার্ড’, ‘লিটল উইমেন’ ও ‘দ্য আউটরান’-এর মতো গম্ভীর চরিত্রে অভিনয় করলেও, এবার তিনি এমন এক জটিল ও ভীতিকর চরিত্রে নিজেকে দেখতে চান যা দর্শকদের মনে দাগ কাটবে।
বর্তমানে রোনান তার আসন্ন সিনেমা ‘ব্যাড অ্যাপলস’-এর প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এতে তিনি মারিয়া নামের একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন, যে কি না অবাধ্য এক শিক্ষার্থীকে সামলাতে গিয়ে পরিস্থিতির চাপে পড়ে তাকে বাড়ির বেজমেন্টে আটকে রাখে। চরিত্রটির মনস্তত্ত্ব ও ভালো-মন্দের সীমারেখা নিয়ে তিনি বেশ আগ্রহী। এছাড়া তিনি নির্মাতা স্যাম মেন্ডেসের বিটলস নিয়ে নির্মিত চারটি সিনেমার কাজে লিন্ডা ম্যাককার্টনির ভূমিকায় কাজ করছেন।
ব্যক্তিজীবনে ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া রোনান ও লোডেন দম্পতির ঘরে গত বছর প্রথম সন্তান আসে। স্বামীকে ঘিরে জেমস বন্ড হওয়ার গুঞ্জন সত্যি হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে রোনানের আকাঙ্ক্ষা স্পষ্ট—সুযোগ পেলে তিনি বন্ডের জগতে এমন এক চরিত্র হয়ে প্রবেশ করতে চান, যার মনস্তাত্ত্বিক জটিলতা দর্শককে রোমাঞ্চিত করবে এবং ভয় পাইয়ে দেবে।
সূত্র: প্রথম আলো








