উত্তরায় জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর

প্রকাশ:

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রায় দেড় শতাধিক দুষ্কৃতিকারী এই হামলা চালায় বলে জানিয়েছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশকে বিষয়টি অবহিত করা হয় এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। আমরা পুলিশকে ইনফর্ম করেছি। পুলিশ এখন এখানে এসেছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। বাইরে থেকে বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের চিহ্ন পাওয়া গেছে। কারা এই হামলার সঙ্গে জড়িত তা শনাক্তে পুলিশের তদন্ত চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম।

এদিকে হামলার কিছু সময় আগে ‘স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে তার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়। জুলাই অভ্যুত্থানে শহিদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগে তারা এই কর্মসূচি পালন করেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা জি এম কাদেরের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিলের ওই ব্যানারে কারাগারে বন্দি জিএম কাদেরের প্রতিকৃতি তুলে ধরা হয়।

আন্দোলনকারীদের ব্যানারে থাকা লেখায় অভিযোগ করা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত পরিবর্তনের পরও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ বজায় রাখছে। এছাড়া বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি বিগত সরকারকে রাজনৈতিক বৈধতা দিয়েছিল বলেও তারা অভিযোগ করেন। ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’ বলে তারা ঘোষণা দেন এবং নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো দোসরকে পুনর্বাসন না করার আহ্বান জানান।

শেয়ার করুন