কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত

প্রকাশ:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে সীমান্ত পিলার ২০৫৯-এর সন্নিকটে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের এই বৈঠকের পরপরই আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এর ঠিক সাত মিনিট পর দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাদের বাংলাদেশ পুলিশের কাছে বুঝিয়ে দেয়।

ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার কনস্টেবল রহিত দেওয়ান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন। এ বিষয়ে দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন জানান, মাদকের একজন আসামিকে ধরতে গিয়ে মূলত এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ভুলবশত সীমান্ত অতিক্রম করার পর বিএসএফ তাদের আটক করে। পরে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় আলোচনার মাধ্যমে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানিয়েছেন, উভয় বাহিনীর সমঝোতার ভিত্তিতে এই হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি জানান, পুলিশের এই দুই সদস্যকে যথাযথ আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হয়েছে।

নারায়ণপুর সীমান্ত এলাকায় আয়োজিত এই পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।

শেয়ার করুন