সারের দাবিতে লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ

প্রকাশ:

সারের সংকট ও বিতরণে অনিয়মের অভিযোগে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তিস্তা চরাঞ্চলের কৃষকরা। মঙ্গলবার সকালে হাতীবান্ধা উপজেলার পারুলিয়া বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়। চাষাবাদের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় সার না পাওয়ায় কৃষকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, স্থানীয় জাদু মেম্বার ও ভুট্টু নামের দুই ব্যক্তি সার বিতরণের দায়িত্বে থেকে স্বজনপ্রীতি করছেন। এর পাশাপাশি তারা কালোবাজারে সার বিক্রিরও অভিযোগ তোলেন। অবিলম্বে সার বিতরণে অনিয়ম বন্ধ করে প্রকৃত কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন মিত্র ঘটনাস্থলে এসে কৃষকদের আশ্বস্ত করেন। তিনি জানান, উপজেলায় সারের পর্যাপ্ত মজুত রয়েছে। যাদের সার কার্ড আছে তারা সকলেই সার পাবেন। এখন কৃষকদের কাছ থেকে কার্ড সংগ্রহ করা হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে কার্ডের মাধ্যমে সার বিতরণের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন