শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের নিজ উপজেলা কচুয়ায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। এইচএসসি পর্যায়ে উপজেলার ৯টি কলেজ থেকে মোট ১ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন, যার মধ্যে মাত্র ৬২৯ জন পাস করেছেন। এক্ষেত্রে পাসের হার দাঁড়িয়েছে ৩৯.৯৬ শতাংশে এবং জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩ জন শিক্ষার্থী। সামগ্রিক ফলাফলে এই ধসকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
আলিম পরীক্ষার ফলাফলেও একই চিত্র দেখা গেছে। উপজেলার ১৪টি মাদ্রাসা থেকে ৪৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৯৫ জন। মাদ্রাসা পর্যায়ে পাসের হার ৬৪.১৩ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছেন ৭ জন শিক্ষার্থী।
এত বিপর্যয়ের মাঝেও কিছু প্রতিষ্ঠান ভালো ফল করেছে। এইচএসসিতে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ উপজেলায় প্রথম স্থান ধরে রেখেছে; সেখান থেকে ১৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৬ জন পাস করেছেন এবং ১ জন জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে, আলিম পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে নিশ্চিন্তপুর ডি এস ইসলামিয়া কামিল মাদ্রাসা। এই প্রতিষ্ঠান থেকে ৪৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪৭ জন উত্তীর্ণ হয়েছেন এবং ২ জন জিপিএ-৫ অর্জন করেছেন।
সূত্র: দৈনিক আমার দেশ








