পোশাক শিল্পে অস্থিরতা ছড়ানো, শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়া এবং অর্থায়নের অভিযোগে দেশের ১২টি শিল্পগ্রুপ ও সেগুলোর পরিচালকসহ মোট ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই অর্থ অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজস্ব বিভাগ জানিয়েছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
এনবিআরের দুটি গোয়েন্দা ইউনিটের পক্ষ থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব শনাক্ত করে তা অবিলম্বে জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের সব ধরনের লেনদেনের বিস্তারিত বিবরণও তলব করেছে সংস্থাটি।
তালিকায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীরা রয়েছেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, এনভয় গ্রুপের আবদুস সালাম মুর্শেদী, সেপাল গ্রুপের টিপু মুনশি, রেনেসাঁ গ্রুপের শাহরিয়ার আলম, হামিদ গ্রুপের নসরুল হামিদ এবং ফেবিয়ান গ্রুপের তাজুল ইসলাম।
ব্যবসায়ীদের তালিকায় আরও আছেন টুসুকা গ্রুপের ফয়জুর রহমান বাদল, ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের মো. খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের এ কে এম মোশাররফ হুসাইন, অ্যাক্সিস নিটওয়্যার্সের জাহিদ আহমেদ টুলু, গিভেন্সি গ্রুপের মাসুমা খাতুন লিপা ও বিজিএমইএর সাবেক সভাপতি এস এম মান্নান কচি। এছাড়া ক্রিকেটার সাকিব আল হাসানের ভগ্নিপতি আলিফ মোল্লাও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন।
সূত্র: যুগান্তর








