নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী অবিলের বাজারে সরকারি জমি দখল করে অবৈধভাবে নির্মিত একটি দোকান গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। জলঢাকা-রংপুর মহাসড়কের পাশে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসের জায়গা দখল করে রাতের অন্ধকারে এই দোকানঘরটি নির্মাণ করা হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার দুপুরে কিশোরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলা হয়। অভিযান পরিচালনার সময় রণচন্ডী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার, পুলিশের সদস্যবৃন্দ এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী জানান, ফজলু নামে এক ব্যবসায়ী রাতের আঁধারে সরকারি জমিতে অবৈধভাবে দোকানটি নির্মাণ করেছিলেন। সরকারি সম্পদ রক্ষা এবং বেদখল ঠেকাতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ








