আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে শেখ হাসিনার পাসপোর্ট নবায়ন বা নতুন করে পাওয়ার কোনো আইনি সুযোগ নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে তিনি বলেন, আইন অনুযায়ী দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তিদের পাসপোর্ট দেওয়া যায় না। ফলে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার আইনি ভিত্তি নেই।
চিফ প্রসিকিউটর বলেন, বিচারের সময় শেখ হাসিনা উপস্থিত হননি এবং রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিলও করেননি। ফলে আপিলের সময় এখন অতিক্রান্ত। বর্তমানে তিনি দেশে ফিরলে আদালতের নির্দেশ অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো আইনি বিকল্প নেই। একজন সাজাপ্রাপ্ত পলাতককে রাষ্ট্র কর্তৃক পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়াকে বিচারপ্রক্রিয়ার প্রতি উপহাস হিসেবে গণ্য করা হবে বলে তিনি মন্তব্য করেন। একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস ইস্যু করা হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে। রায় প্রকাশিত হওয়ার পরও তিনি আপিল করেননি।
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ শেখ হাসিনার পক্ষে ভারতের বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের আবেদন করেছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, বিষয়টি হাস্যকর। কারণ, আবেদনটি করেছেন কোনো আইনজীবী সংস্থা, স্বয়ং শেখ হাসিনা বা তার দল এটি করেনি। ভারতের আশ্রয়ে থাকার বিষয়ে কোনো দাপ্তরিক নথিপত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী যথার্থই এটাকে হাস্যকর বলেছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার কখনোই দেশে ফেরার সদিচ্ছা ছিল না। যদি ফেরার ইচ্ছাই থাকত, তবে মামলার সময় তিনি এসে আইনি লড়াই করতেন। তাকে পরামর্শ দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, সত্যিই যদি তিনি ফিরতে চান, তবে ভারত সরকারকে লিখিতভাবে আবেদন করতে হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় যেন তাকে বাংলাদেশে পাঠানো হয়, সেই পথই একমাত্র সঠিক পন্থা। শেখ হাসিনাকে উদ্দেশ করে চিফ প্রসিকিউটর বলেন, আপনি যদি সত্যিকার অর্থে দেশে আসতে চান, তাহলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুন।
শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, অডিওর মাধ্যমে যেসব বক্তব্য সামনে আসছে, তা আদৌ তার কি না নিশ্চিত নয়। নিজের আত্মীয়দের নিয়ে নিরাপদে দেশ থেকে পালিয়ে গেলেও, নেতাকর্মীদের বিপদে ফেলে রেখে এখন নতুন করে অপতৎপরতা চালানো একটি বড় ভুল হবে বলে তিনি সতর্ক করেন।
সূত্র: যুগান্তর








