প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

প্রকাশ:

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে আখ্যায়িত করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ‘কপ৩১’-এর সাইডলাইনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীকে রূপান্তরমূলক নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তারেক রহমানের এই ভূমিকা ও গণতান্ত্রিক ম্যান্ডেটকে আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

কপ৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী দিনব্যাপী নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেন।

এ সময় তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

এছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসি মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ হয়েছে।

এসব সাক্ষাতে বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচনি ম্যান্ডেটের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলাপচারিতার বিস্তারিত তুলে ধরে হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী ব্রাজিল ও মালদ্বীপের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সিরিয়ার পুনর্গঠন, বিনিয়োগ এবং দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশ বিশেষ সহযোগিতা দিতে পারে বলে সিরিয়ার প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। লন্ডনের মেয়রের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী তার দীর্ঘ লন্ডন অবস্থানের স্মৃতিচারণ করেন।

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা সহজীকরণ ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। উজবেকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানালে, প্রধানমন্ত্রী আগামী বছরের সুবিধাজনক কোনো সময়ে তা সফরের বিষয়ে আশ্বস্ত করেছেন। অন্যদিকে, চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে চীনকে পাশে পাওয়ার আশা প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা জরুরি। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তাদের আলোচনায় রাজনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক উঠে এসেছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অভিজ্ঞতা ও অবদানের বিষয়টিও গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজে লাগানোর সুযোগ থাকলে, জাতীয় স্বার্থ বিবেচনায় তা ইতিবাচকভাবে দেখার কথা জানিয়েছে সরকার।

শেয়ার করুন