স্বরাষ্ট্রমন্ত্রী: এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা

প্রকাশ:

জাতীয় সংসদে বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি উত্থাপিত হয়।

বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এ ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, ঘটনার পরপরই স্থানীয় পুলিশ পেট্রোল বোমা হামলার কোনো প্রমাণ পায়নি বলে দাবি করলেও, কেন কোনো ফরেনসিক দল পাঠানো হয়নি এবং সংসদ সদস্যের বাসভবনে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে কি না। সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমা মেরে আগুন দেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বলা যাবে কিনা।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, মথুরাপুর ইউনিয়নের ওই বাগোয়ান গ্রামের বাড়িটি সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত। বাড়িটির টিনশেড আধাপাকা অংশটি পরিত্যক্ত ও জনশূন্য ছিল। অগ্নিকাণ্ডে ওই অংশে রাখা কিছু কাপড়চোপড় ও জুতা তৈরির সরঞ্জামের পাশাপাশি দুটি ছাগল পুড়ে মারা গেছে। মূল ভবনের ২০ মিটার দূরে অবস্থিত এই টিনশেড ঘরটিতে মূলত তার বাবা-মা বসবাস করেন না। ৯৯৯-এ খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ৯৯৯-এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তদন্ত প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত করতে বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। জেলা পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপার এবং দৌলতপুর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিজিবির প্রাথমিক প্রতিবেদনেও পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে তেমন কোনো চিহ্নের প্রমাণ মেলেনি। ঘটনার দিনই দৌলতপুর থানায় ৭০৩ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বাড়ির দেয়ালেও পেট্রোল বোমার কোনো চিহ্ন মেলেনি এবং কোনো সাক্ষীও এ ধরনের তথ্য দেননি। ইতোমধ্যে এ ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৭০৩, তারিখ-১২/১১) নথিভুক্ত হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডের স্থান থেকে সংগৃহীত আলামত এবং ভিডিও-ছবি পর্যালোচনা করে প্রাথমিকভাবে মনে হচ্ছে, পুরোনো বাড়িটির দুর্বল ইলেকট্রিক ওয়্যারিং থেকে শর্ট সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত হয়েছে। তিনি সংসদকে আশ্বস্ত করেন যে, এটি একটি সংসদ সদস্যের বাসভবন হওয়ায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে এবং যদি কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়, তবে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণে বিন্দুমাত্র ছাড় দেবে না। ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি। তবে এটি অনুমাননির্ভর; চূড়ান্ত তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে। তিনি স্পষ্ট করেন, অধিকতর তদন্তে যদি কারও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে সরকার সে অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ার করুন