তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ:

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন ‘কপ-৩১’-এ অংশ নেওয়া শেষে তুরস্ক সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে তাকে ও তার সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এ সফরে তার সঙ্গে ছিলেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

এর আগে গত ১০ নভেম্বর তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন তিনি এবং সেখানে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে যাত্রা করেন। গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরকালে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন ও গ্রিন জোনে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শেয়ার করুন