হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে নৌমাইনে আঘাত লেগে শনিবার সকালে আরও একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের নৌবাহিনী রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় আজ সকালের এই ঘটনাটি নিয়ে হরমুজ এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ইরানের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে মোট পাঁচটি ট্যাঙ্কারে আগুন কিংবা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার কারণ হিসেবে ইরানের হামলা অথবা নৌমাইনের আঘাতকে দায়ী করা হচ্ছে।
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের মাধ্যমে ইরানের নৌবাহিনী স্পষ্ট জানিয়েছে, যেসব ট্যাঙ্কার ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে চলাচল করছে, তাদের পরিণতি হবে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ। তবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর পরিচয়, মালিকানা কিংবা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: দৈনিক আমার দেশ








