দেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। রাজধানীর বিমানবন্দরে ককটেল বিস্ফোরণ এবং রাজশাহীতে গ্রেনেড উদ্ধারের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে দেশের সব বিমানবন্দরে ‘হাই অ্যালার্ট’ বা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (বেবিচক)। এ ধরনের নাশকতার ঘটনায় বিমানযাত্রী ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ছাড়া বিমানবন্দরের আশপাশে নাশকতার খবর বহির্বিশ্বে গেলে আন্তর্জাতিক মানদণ্ডে শাহজালালের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়। এই ঘটনার পর বেবিচক সদরদপ্তর থেকে শাহজালালসহ সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়। বেবিচক বলছে, দেশের সব বিমানবন্দর ও এর আশপাশের এলাকা ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে। হাজার হাজার যাত্রী প্রতিদিন বিমানবন্দরে আসা-যাওয়া করেন। দুষ্কৃতিকারীদের জন্য বিমানবন্দর একটা অ্যাট্রাক্টিভ লোকেশন।
গত ১০ই নভেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে ফুলের গাছের নিচে পথচারীরা দু’টি গ্রেনেড পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বিমানবন্দর থানার পুলিশ ফাঁড়ির টহলরত সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশ ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তী সময়ে বোমা নিষ্ক্রিয়কারী দল গিয়ে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে। একই সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক্সপ্রেসওয়ে থেকেও ককটেল ছোড়ার ঘটনা ঘটে। বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, মূলত ওই এক্সপ্রেসওয়ে থেকেই ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছিল।
বেবিচক সূত্রে জানা গেছে, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে কোনো একটি চক্র বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। বিমানবন্দরের মতো অত্যন্ত স্পর্শকাতর ও কেপিআই (কি পারফরম্যান্স ইন্ডিকেটর) স্থাপনার নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া এই প্রশ্নটি এখন বড় আলোচনার বিষয়। বিশেষ করে শাহজালালের থার্ড টার্মিনাল আংশিক চালুর দিনক্ষণ ঘনিয়ে আসার মুহূর্তে এ ধরনের ঘটনা প্রস্তুতির ওপর কোনো প্রভাব ফেলে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে।
নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ পুরনো। বিমানবন্দরের ভেতরের নিরাপত্তার দায়িত্বে থাকে এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বাইরের এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকে পুলিশ এবং প্রবেশপথের দায়িত্বে থাকে এপিবিএন। তিন সংস্থার এই কাজের বিভাজনে বারবার সুরক্ষায় ঘাটতি তৈরি হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম বলেন, বিমানবন্দর একটি সংবেদনশীল জায়গা এবং সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই এখানে বাড়তি সতর্কতা প্রয়োজন। তিনি আরও বলেন, নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন ও এভিয়েশন সিকিউরিটির মধ্যে দায়বদ্ধতা ও যোগসূত্র থাকা জরুরি। এই সমন্বয়হীনতা দূর করা না গেলে নিরাপত্তার ক্ষেত্রে ফাঁক রয়েই যাবে। প্রশ্ন উঠেছে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে। কিন্তু বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব কার, তা নিয়েই ধোঁয়াশা রয়ে গেছে। নিরাপত্তাজনিত কারণে ইন্টারন্যাশনাল রেটিংয়ে প্রভাব নিয়ে তিনি বলেন, যদি সিকিউরিটি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি তবে অডিটে কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না।
তবে নিরাপত্তা সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করেছেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল। তিনি বলেন, এপিবিএন ল্যান্ড সাইডের নিরাপত্তা দেখবে এবং ভেতরের নিরাপত্তা দেখবে বেবিচক—এ ধরনের নির্দেশনা গত সিকিউরিটি কমিটির সভায় স্পষ্ট করা হয়েছে। বিমানবন্দরে হাই সিকিউরিটি অ্যালার্ট সবসময়ই বজায় থাকে এবং কেপিআই হিসেবে সবাই সতর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, ২০২৩ সালে তৃতীয় টার্মিনাল উদ্বোধনের পর এ বছরের ১৬ই ডিসেম্বর এটি আংশিক চালুর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনার চুক্তি হলেও বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রভাব নিয়ে শঙ্কা কাটছে না। বিশেষজ্ঞরা বলছেন, বিমানবন্দরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার খবর আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়লে বিমানবন্দরের রেটিং কমে যেতে পারে। এতে বিদেশি এয়ারলাইন্সগুলো ঢাকায় ফ্লাইট কমিয়ে দিলে তা দেশের প্রবাসী শ্রমিক ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। যদিও বেবিচক আশা করছে, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাওয়ের নিরাপত্তা অডিটে বাংলাদেশ ভালো অবস্থানেই থাকবে। ২০২৩ সালের অক্টোবরে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও তৃতীয় টার্মিনালটি এখনো নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরু করেনি। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের জন্য টার্মিনাল পরিচালনার চুক্তির বিষয়েও আলোচনা চলছে। সূত্রগুলো বলছে, চুক্তি স্বাক্ষরের পরও ট্রায়াল পরিচালনার জন্য যে সময় দরকার, তা এখন আর হাতে নেই। যেটি সরাসরি প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ীদের ক্ষতি করবে।
সূত্র: মানবজমিন








