নাশকতা রুখতে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর

প্রকাশ:

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সঙ্গীদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জুমার খুতবায় বিশেষ সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এই নির্দেশনা দেন।

বিবৃতিতে ধর্মমন্ত্রী উল্লেখ করেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিশৃঙ্খলা বা নাশকতা ঠেকানো এবং শান্তি রক্ষার কাজে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় খতিব, মসজিদের ইমাম, ধর্মীয় ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষের অরাজনৈতিক অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি ইমাম ও খতিবদের খুতবার সময় নাশকতা পরিহার করা, শান্তি রক্ষা করা এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে মুসল্লিদের সচেতন করার অনুরোধ জানান।

এ ছাড়া কোথাও কোনো নাশকতা কিংবা সন্দেহজনক ঘটনা নজরে এলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী। দেশের স্থিতিশীলতা, জননিরাপত্তা ও শান্তি বজায় রাখতে ধর্মীয় সমাজসহ সবার সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন