আগামী তিন বছরের মধ্যেই নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’ আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। তিনি স্পষ্ট করেন যে, অন্যের প্রযুক্তির ওপর নির্ভরশীল না থেকে দেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।
বিজ্ঞান শিক্ষায় পিছিয়ে থাকা দেশের অগ্রগতির অন্তরায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির এই যুগে আধুনিক সুযোগ-সুবিধা ও যথাযথ সহযোগিতা পেলে তরুণ প্রজন্ম বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম। তিনি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী এভিয়েশন হাবে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রার কথা পুনরায় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে। সুন্দর সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে।
উদ্ভাবকদের আর্থিক সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, উদ্ভাবনী প্রকল্পগুলো যেন অর্থের অভাবে মুখ থুবড়ে না পড়ে, সেজন্য সরকার ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ ফান্ড গঠন করেছে। তরুণদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আকাশ জয়ের স্বপ্নের কথা জানিয়ে তিনি সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারের বরাদ্দ উল্লেখ করে তিনি আরও বলেন, অর্থসংকটে যেন কোনো উদ্ভাবন হারিয়ে না যায়, সে লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে।
সূত্র: যুগান্তর








