ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ বিন মুহাম্মদ আল আনসারি সতর্ক করেছেন যে, পরিস্থিতির আরও অবনতি ঘটলে আঞ্চলিক নিরাপত্তা ভয়াবহ হুমকির মুখে পড়বে। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র ড. মাজেদ বিন মুহাম্মদ আল আনসারি জানান, মধ্যস্থতার অংশ হিসেবে মঙ্গলবারই ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন কাতারি কর্মকর্তারা। আগের কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতায় দুই দেশের অবস্থানের ব্যবধান কমিয়ে আনতে দোহা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি স্পষ্ট করেন, যেকোনো ধরনের নতুন উত্তেজনা পরিস্থিতিকে জটিল করে তুলছে এবং মধ্যস্থতার পথে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে।
আল আনসারি বলেন, কাতার এখনো আশাবাদী যে যুক্তরাষ্ট্র ও ইরান শেষ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে। তার মতে, বর্তমানে দুই দেশের মধ্যে বিরাজমান ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়। বরং এই অনিশ্চয়তা আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি।
সংলাপের পরিবেশ বজায় রাখাকে বর্তমান সংকটের সমাধান হিসেবে উল্লেখ করে আল আনসারি বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। এ জন্য উভয় পক্ষকে উত্তেজনা বাড়াতে পারে এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। দীর্ঘমেয়াদী সংঘাত কিংবা অনিশ্চয়তা নিরসনে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতপার্থক্য ঘুচিয়ে সংলাপে ফিরিয়ে আনতে কাতার তার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
সূত্র: গালফ বাংলা








