কারা অধিদপ্তরের শূন্য পদে ২৯ জনকে ডেপুটি জেলার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার এই পদগুলোতে তাদের অস্থায়ী ভিত্তিতে শর্তসাপেক্ষে নিয়োগ প্রদান করা হয়েছে। গত ১৯ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে উপসচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ ডিসেম্বরের মধ্যে ঢাকার বকশিবাজারে অবস্থিত কারা অধিদপ্তরে উপস্থিত হয়ে চাকরিতে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে তাদের নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেড অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন। এই গ্রেডে তাদের মূল বেতন ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা পর্যন্ত। চাকরির শর্ত অনুযায়ী, নিয়োগের পরবর্তী দুই বছর তাদের শিক্ষানবিশকাল হিসেবে গণ্য করা হবে। এই সময়ে কারো আচরণ বা কর্মদক্ষতা সন্তোষজনক না হলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে। এছাড়া জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে সরকারি বিধি অনুসরণ করা হবে এবং কোনো ধরনের ভ্রমণ বা দৈনিক ভাতা প্রদান করা হবে না।
নিয়োগের গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো, কোনো বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের অঙ্গীকার করলে প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে। এছাড়া চাকরি থেকে ইস্তফা দিতে চাইলে দুই মাস আগে কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক। পুলিশ তদন্ত প্রতিবেদন ও স্বাস্থ্য পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় তাদের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। তবে ভবিষ্যতে কোনো তথ্য ভুল প্রমাণিত হলে নিয়োগের আদেশ বাতিল করা হবে বলে সতর্ক করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত ২৯ জনের তালিকায় রয়েছেন: মুহাম্মদ আইয়ূব নবী ইসলাম, মো. ইকবাল হাসান, শাকিল আহমেদ, মো. জুলকার নাইন, শেখ ওসমান হারুনী, মো. রাজীব হোসেন, অনুপ কুমার দত্ত, শেখ নুরুজ্জামান জুয়েল, আব্দুল ওয়াজেদ, মো. শরীফুল ইসলাম শরীফ, মো. শেকাবুল ইসলাম সৌরভ, মো. রিফাত রাইয়ান খান, মেহেদী হাসান নাহিদ, দীপ সরকার, শরিফা ইয়াসমিন, মো. নিজাম উদ্দিন শেখ, জুলহাস আহমেদ শান্ত, উত্তম সরদার, মো. আবু সাঈদ, মো. রাসেদ পারভেজ, মো. আবু নাছের, মো. আশরাফুল মজিদ, মো. ইমরান শাহেদ, রাশেদুল মোস্তফা, রাজু বিশ্বাস, আবিদা সুলতানা লিনা, বিপুল চন্দ্র দেবনাথ, মো. সোহেল মিয়া ও লিংকন ভদ্র।
সূত্র: দৈনিক আমার দেশ








