মাদারীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

প্রকাশ:

মাদারীপুরে এনসিপির জেলা শাখার সদস্য সচিব ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর হামলা, মারধর ও প্রাণনাশের উদ্দেশ্যে গুলি ছোড়ার গুরুতর অভিযোগ উঠেছে। গত ১৮ নভেম্বর রাত ৮টার দিকে শিবচর উপজেলার মুন্সীর বাজারের নিকটবর্তী ঢাকা-নাওডোবা জাতীয় মহাসড়কে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরীর ভাই তাপু চৌধুরী এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর ব্যাপারীসহ আরও ২৫ থেকে ৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

ভুক্তভোগী ইয়াজ্জেম হোসেন রোমান জানান, ঘটনার দিন তিনি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হামলাকারীরা তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে তাপু চৌধুরী তাকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি ছোড়েন। ভাগ্যক্রমে তিনি সরে যাওয়ায় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। এর পরপরই হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার পেয়ে তিনি চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় ২১ নভেম্বর তিনি শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিষয়টি নিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় জেলা এনসিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় নেতারা ক্ষোভ প্রকাশ করেন। তারা দাবি করেন, একজন রাজনৈতিক কর্মীর ওপর এমন হামলার অভিযোগ পাওয়ার পরও দ্রুত আইনগত ব্যবস্থা না নেওয়া হলে জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হবে। অবিলম্বে অভিযুক্তদের শনাক্তকরণ, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন এনসিপি নেতারা। সংবাদ সম্মেলনে জেলা যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, যুগ্ম সদস্য সচিব লায়ন আলমগীর হোসেন, যুবশক্তির আহ্বায়ক রিশাদ রাব্বি, সদস্য সচিব তৌহিদ আমিন ও ছাত্রশক্তির আরিয়ান সায়েমসহ অনেকে উপস্থিত ছিলেন। স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানার তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, ভুক্তভোগীর দেওয়া অভিযোগটি তারা গুরুত্বের সাথে খতিয়ে দেখছেন। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন