বিলাসবহুল গয়নার নকশায় চামড়ার ব্যবহার, নতুন ট্রেন্ডে ফ্যাশন ব্র্যান্ড

প্রকাশ:

গয়নার জগতে চামড়ার ব্যবহারের ভূমিকা আগে অনেকটা সীমিত বা গৌণ ছিল। তবে বর্তমানে বিশ্বের নামীদামি ব্র্যান্ডগুলো এই ধারণা বদলে দিচ্ছে। সোনা, রুপা, হীরা ও দামী সব রত্নপাথরের সাথে চামড়ার চমৎকার মেলবন্ধনে তৈরি হচ্ছে আংটি, ব্রেসলেট ও নেকলেস। চামড়া বুনন, পেঁচানো কিংবা পুঁতি তৈরির মতো সৃজনশীল কৌশল প্রয়োগ করে গয়নার নকশায় আনা হচ্ছে দারুণ বৈচিত্র্য। এখন আর চামড়া কেবল সহায়িকা নয়, বরং গয়নার প্রধান আকর্ষণ হয়ে উঠছে।

ব্রাজিলের গয়না ডিজাইনার আরা ভার্তানিয়ান এবং হেলিও আসকারি চামড়ার নতুন ব্যবহার নিয়ে যৌথ উদ্যোগ নিয়েছেন। আসকারি বাইসাইকেলসের প্রতিষ্ঠাতা হেলিও আসকারি তার দাদাকে ছোটবেলায় বেতের ঝুড়ির হাতলে চামড়া পেঁচাতে দেখেছিলেন। সেই শৈশবের স্মৃতি থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নিজস্ব পদ্ধতিতে শক্ত কাঠামোর ওপর চামড়ার সরু ফিতা পেঁচিয়ে গয়নার নকশা করছেন। চলতি বছরের শুরুর দিকে তারা সীমিত সংস্করণের দুটি ব্রেসলেট ও একটি আংটি বাজারে এনেছেন। জুতা, ব্যাগ, জ্যাকেটসহ বিভিন্ন পোশাকে দীর্ঘদিন ধরে চামড়ার ব্যবহার হয়ে আসছে।

তাদের যৌথ সংগ্রহের একটি ব্রেসলেটে হাতে বোনা চামড়ার পাশাপাশি দুটি বড় সবুজ টুরমালিন রত্নপাথর ও বিশেষভাবে নকশা করা ধাতুর সমন্বয় দেখা যায়। এছাড়া তাদের সংগ্রহের আংটিগুলোতেও ভিন্নতা রয়েছে, যেখানে মূল্যবান পাথরের চারপাশ ঘিরে আধুনিক নকশা ফুটিয়ে তোলা হয়েছে। এসব আংটিতে হীরা ও চুনির মতো পাথরও ব্যবহার করা হয়। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বিলাসবহুল গয়নায় চামড়ার ব্যবহার ও নতুন প্রবণতার এসব কথা তুলে ধরা হয়েছে। এতে মাঝখানে একটি মূল্যবান পাথর রেখে একাধিক সমতল পৃষ্ঠবিশিষ্ট আকৃতি তৈরি করা হয়েছে। প্রতিটি নকশার দীর্ঘ সংস্করণও রয়েছে।

লন্ডনভিত্তিক ডিজাইনার লিলি গ্যাব্রিয়েলা চামড়ার ব্যবহারকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। প্যারিস কুতুর ফ্যাশন শোতে তিনি ‘ওফিডিয়া’ নামের একটি নেকলেস প্রদর্শন করেন। নৈতিকভাবে সংগৃহীত সাপের চামড়া থেকে তৈরি পুঁতির সাথে হীরার টুকরো ও হলুদ সোনার সংমিশ্রণে নেকলেসটি সাজানো হয়েছে। লিলি গ্যাব্রিয়েলা ভবিষ্যতে বিভিন্ন রঙিন রত্নপাথরের ব্যবহারে এমন আরও গয়না তৈরির পরিকল্পনায় রয়েছেন। লিলি গ্যাব্রিয়েলার পরিকল্পনা অনুযায়ী, ওফিডিয়া শুধু একটি নেকলেসেই সীমাবদ্ধ থাকবে না।

চামড়ার গয়না তৈরির ক্ষেত্রে তাতেওসিয়ান প্রতিষ্ঠানটি দীর্ঘদিনের অভিজ্ঞতার অধিকারী। মূলত পুরুষদের জন্য ব্রেসলেট তৈরিতে তারা বিশেষ পরিচিত। তাদের সংগ্রহে কালো, বাদামি ও গাঢ় নীল রঙের চামড়ার সাথে স্টার্লিং সিলভার কিংবা কার্বন ফাইবারের মতো উপাদান যুক্ত করা হয়। ‘পপ রিগাতো পেলে’ ব্রেসলেটটি কবজিতে দুবার পেঁচিয়ে পরা যায়, যা বেশ জনপ্রিয় একটি নকশা। এছাড়াও ‘চার্লস ক্লিক পেলে’ ব্রেসলেটে চামড়ার সাথে উজ্জ্বল রুপার ধাতব অংশ যুক্ত থাকে।

বিশ্বখ্যাত ইতালীয় ব্র্যান্ড গুচি এবং মিলানভিত্তিক পোমেলাতো যৌথ উদ্যোগে ‘মোনিলি’ নামে একটি গয়নার সংগ্রহ উন্মোচন করে। ২০২৫ সালে শুরু হওয়া এই যৌথ প্রকল্পের গয়নাগুলো প্রথমবারের মতো ফ্লোরেন্সে অনুষ্ঠিত গুচির ক্রুজ ২০২৬ ফ্যাশন শোতে প্রদর্শিত হয়। গুচির দীর্ঘদিনের চামড়াজাত পণ্য তৈরির দক্ষতার সঙ্গে পোমেলাতোর মূল্যবান রত্নপাথর ও সোনার গয়না তৈরির কারিগরি জ্ঞান এখানে একত্রিত হয়েছে।

মোনিলি সংগ্রহের গয়নাগুলোতে কালো ও বাদামি চামড়ার সাথে সাদা বা গোলাপি সোনার পাশাপাশি অসংখ্য ছোট হীরা ব্যবহার করা হয়েছে। গিঁট দেওয়া নেকলেস, চওড়া ব্রেসলেট এবং হীরাখচিত সোনার মধ্য দিয়ে চামড়া পেঁচানো গয়নাগুলো এই সংগ্রহের বিশেষ বৈশিষ্ট্য।

ডিজাইনার অ্যানুশকা ডুকাস চামড়ার গয়না তৈরিতে অনুসরণ করছেন ভিন্ন পথ।

তিনি ব্রিটিশ প্রতিষ্ঠান কনোলির তৈরি স্প্যানিশ চামড়ার অবশিষ্ট অংশ থেকে ‘লাভলিংক’ ব্রেসলেট তৈরি করেছেন।

এতে ১৪ ক্যারেট সোনার একটি অংশের সাথে চামড়ার ফিতা ব্যবহার করা হয়। নারী ও পুরুষ উভয়ের জন্য উপযুক্ত এই ব্রেসলেটটি কবজিতে দুইবার পেঁচিয়ে পরার পাশাপাশি চোকার বা গলার মালা হিসেবেও ব্যবহার করা যায়। বাদামি, লাল, কালো, সবুজ ও ক্রিম রঙের এই ব্রেসলেটে ক্রেতারা চাইলে অতিরিক্ত সোনার অলংকারও যুক্ত করতে পারেন।

গয়নায় চামড়া ব্যবহারের অন্যতম বড় আকর্ষণ হলো এর স্বাচ্ছন্দ্য ও অনানুষ্ঠানিক বৈশিষ্ট্য। সোনা বা হীরার মতো ভারী ও প্রথাগত উপাদানের সাথে চামড়া যুক্ত হলে গয়নার চেহারায় এক ধরনের সহজ-স্বাভাবিক ভাব আসে। প্রচলিত গয়নার বাইরে নতুনত্বের খোঁজে থাকা ফ্যাশন সচেতন ব্যক্তিদের কাছে চামড়ার গয়না এখন একটি জনপ্রিয় পছন্দ হিসেবে গড়ে উঠছে।

শেয়ার করুন