বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ধাতু সোনা। এটি শুধু অলংকার বা বিনিয়োগের মাধ্যম নয়, বরং একটি দেশের ভূরাজনৈতিক শক্তি ও অর্থনৈতিক নিরাপত্তার শক্তিশালী প্রতীক। বর্তমানে বিশ্বের শীর্ষ সোনা উৎপাদনকারী দেশ চীন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যানুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত গত এক বছরে দেশটি ৩৮৪ দশমিক ৩ টন সোনা উৎপাদন করেছে। এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালেও চীন ৩৮০ দশমিক ২ টন সোনা উৎপাদন করে তালিকার শীর্ষে ছিল। স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০ দেশ কোনগুলো, কত তাদের উৎপাদন।
চীন কেবল সোনা উৎপাদনেই শীর্ষে নেই, বরং মূল্যবান এই ধাতুর সবচেয়ে বড় ভোক্তাও তারা।
দেশটির স্বর্ণ উৎপাদন মূলত দুটি উৎস থেকে আসে: স্থানীয় খনি থেকে উত্তোলিত কাঁচামাল এবং বিদেশ থেকে আমদানিকৃত কাঁচামাল।
চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) চীন দেশীয় উৎস থেকে ২২০ দশমিক ৯৩৫ টন সোনা পেয়েছে। ৪ নভেম্বর প্রকাশ করা চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের ওই পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে (এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত) চীন দেশীয় কাঁচামাল থেকে মোট ২২০ দশমিক ৯৩৫ টন সোনা উৎপাদন করেছে।
একই সময়ে বিদেশ থেকে আমদানি করা কাঁচামাল থেকে উৎপাদিত হয়েছে আরও ১২৭ দশমিক শূন্য ৫৫ টন সোনা। সব মিলিয়ে এই নয় মাসে দেশটিতে মোট ৩৪৭ দশমিক ৯৯ টন সোনা উৎপাদিত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৪ শতাংশ কম।
সোনার ব্যবহারে চীনের অভ্যন্তরীণ চিত্রটি বেশ বৈচিত্র্যময়। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে দেশটিতে মোট ৬৮৪ দশমিক ৬২৩ টন সোনার ব্যবহার হয়েছে, যা গত বছরের তুলনায় শূন্য দশমিক ২৮ শতাংশ বেশি। এর মধ্যে গয়না শিল্পে সোনার ব্যবহার ১৭৮ দশমিক ৬১২ টন, যা আগের বছরের তুলনায় ৩৩ দশমিক ৮৬ শতাংশ কম। বিপরীতে, সোনার বার ও কয়েন কেনার প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ খাতে ৪৪৪ দশমিক ৫৭৬ টন সোনা ব্যবহৃত হয়েছে, যা গত বছরের তুলনায় ২৬ দশমিক ২৬ শতাংশ বেশি। এছাড়া শিল্পসহ অন্যান্য খাতে ৬১ দশমিক ৪৩৪ টন সোনার ব্যবহার হয়েছে। শিল্পসহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়েছে ৬১ দশমিক ৪৩৪ টন সোনা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৪১ শতাংশ বেশি।
চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের পর্যবেক্ষণমতে, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে সোনার দামের উচ্চমুখিতা দেখা গেছে। সামগ্রিক দাম উঁচুতে থাকলেও স্বল্প মেয়াদে বড় ধরনের ওঠানামা থাকায় বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি বেড়েছে। বর্তমানে বিশ্বে ১ হাজার ৩৫২টির বেশি সোনার খনি সচল রয়েছে, যার মধ্যে ১১৭টিই চীনে অবস্থিত। গ্লোবালডেটার তথ্য অনুযায়ী, চীনের উল্লেখযোগ্য পাঁচটি খনি হলো শাসি কপার মাইন, ইশিংঝাই গোল্ড মাইন, সানশানদাও গোল্ড মাইন, জিয়াওজিয়া গোল্ড মাইন এবং দে শিং মাইন। চীনের পণ্যবাজার–বিষয়ক তথ্য ও পরামর্শক প্রতিষ্ঠান সানসার্স গত ৫ নভেম্বর চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের দেওয়া পরিসংখ্যান ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
শাসি কপার মাইনটি চীনের আনহুই প্রদেশে অবস্থিত একটি ভূগর্ভস্থ খনি, যা টংলিং ননফেরাস মেটালস গ্রুপ পরিচালনা করে। ২০২৩ সালে এখান থেকে ৬ লাখ ৪৯ হাজার ১৮০ আউন্স সোনা উত্তোলিত হয়। শানসি প্রদেশে অবস্থিত ইশিংঝাই গোল্ড মাইন থেকে ওই বছর ১ লাখ ৯২ হাজার ২৪০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে এবং এটি ২০৩৯ সাল পর্যন্ত চালু থাকবে। জিজিন মাইনিং গ্রুপ এর মালিকানায় রয়েছে।
এছাড়া শানদং প্রদেশের সানশানদাও গোল্ড মাইন থেকে ১ লাখ ৮৯ হাজার ১৬০ আউন্স সোনা পাওয়া গেছে, যা ২০৩০ সাল পর্যন্ত সচল থাকবে। একই প্রদেশের ভূগর্ভস্থ খনি জিয়াওজিয়া গোল্ড মাইন থেকে ১ লাখ ৭১ হাজার ৪৭০ আউন্স সোনা উৎপাদিত হয়, যার আয়ুষ্কাল ২০২৬ সাল পর্যন্ত। সর্বশেষ, জিয়াংসি প্রদেশের উন্মুক্ত খনি দে শিং মাইন থেকে ২০২৩ সালে ১ লাখ ৬৫ হাজার ২৩০ আউন্স সোনা উত্তোলিত হয় এবং এই খনিটি ২০৫০ সাল পর্যন্ত সচল থাকার কথা রয়েছে।
সূত্র: প্রথম আলো








