ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ:

ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে জুলাইয়ের চেতনা ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সব রাজনৈতিক দলকে এক কাতারে আসার আহ্বান জানিয়েছেন।

নাহিদ ইসলাম জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় তারা বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণগুলো তুলে ধরেছেন। তার মতে, গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারিক আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর পদক্ষেপের অভাব এবং ভারতের সঙ্গে কূটনৈতিক অস্পষ্টতা আজকের এই সংকটের জন্ম দিয়েছে। তিনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ও গণহত্যাকারী হিসেবে উল্লেখ করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের জোর দাবি জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা বলেছি—বর্তমান পরিস্থিতিটা আসলে একদিনে হয়নি। নতুন করে যে চুক্তিটা হবে, সেই বিষয়ে ভারতের কাছে যাতে খুবই কঠোরভাবে বাংলাদেশের বার্তাটা দেওয়া হয়।’। সরকার যাতে এটাতে কোনো ধরনের কম্প্রোমাইজ না করে’—বলেন তিনি। আমাদের খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে, এখনকার লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়। আওয়ামী লীগকে আমরা ৫ আগস্ট পরাজিত করেছি।

ভারতের সাথে সম্পর্কের বিষয়ে নাহিদ বলেন, গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চলায় নতুন চুক্তির ক্ষেত্রে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে এবং ন্যায্য পানির হিস্যায় কোনো ধরনের আপস করা যাবে না। তিনি আরও অভিযোগ করেন, ভারত আওয়ামী লীগ ও তাদের দোসরদের ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে লড়াইটি শুধুমাত্র দলীয় পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং এটি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় লড়াইয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ভারত একজন খুনিকে আশ্রয় দিচ্ছে এবং একটি স্বৈরাচারী ও গণহত্যাকারী দলকে তাদের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ দিচ্ছে।’। নাহিদ আরও বলেন, ‘এটি এখন শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি বা এনসিপির বিষয় নয়; বরং ভূরাজনৈতিক পর্যায়ে চলে গেছে।

ভারতের অভ্যন্তরে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে নাহিদ বলেন, সেখানে মুসলিম ও দলিতদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, অথচ উল্টো বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।

সীমান্তের ওপারে সম্প্রতি একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমাবেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিও ভারতের সম্পৃক্ততার প্রমাণ হিসেবে দাবি করেন তিনি। এছাড়াও ওসমান হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনা এবং জুলাই যোদ্ধাদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সরকারকে প্রয়োজনীয় নির্দেশনার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এনসিপি প্রতিনিধি দলে নাহিদ ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন সিএফ। প্রধানমন্ত্রীর এই সংলাপের শুরুটা এনসিপি’র মাধ্যমে হলেও অন্যান্য রাজনৈতিক দলের সাথে বৈঠকের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। সংসদে দেয়া বক্তব্যেও প্রধানমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দলকে ঐক্যের এই আহ্বান জানিয়েছিলেন, যার প্রতি বিরোধীদল ইতিবাচক সাড়া দিয়েছে।

শেয়ার করুন