বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে এবার ১৫টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে। গত বছর এই সংখ্যা ছিল ১৭টি। সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের পর বরিশাল শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর বোর্ডের আওতাধীন মোট ১ হাজার ৫১৫টি বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে বরিশাল জেলার সাতটি, পিরোজপুরের তিনটি, বরগুনা ও ভোলার দুটি করে এবং ঝালকাঠির একটি বিদ্যালয় শতভাগ পাসের কৃতিত্ব দেখিয়েছে।
বোর্ডের সার্বিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। তবে ফলাফলের একটি বড় অংশে দুর্বলতা লক্ষ্য করা গেছে। মোট ১ হাজার ৫১৫টি বিদ্যালয়ের মধ্যে ৯৩৯টি প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশের বেশি হলেও, ৫৫৬টি বিদ্যালয়ে পাসের হার ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।
সূত্র: Daily Amar Desh








