উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশকে একটি সমন্বিত রেল ব্যবস্থার আওতায় আনতে ২১০০ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণের চুক্তি সই হয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিশ্চিত করেছে, রোববার (৮ নভেম্বর) বাহরাইনের আল-জহির প্রাসাদে জিসিসিভুক্ত দেশগুলোর পরিবহনমন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন। এই রূপকল্পটি বাস্তবায়িত হলে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যে যাত্রী এবং পণ্য পরিবহন উল্লেখযোগ্যভাবে সহজ হবে, যা পুরো অঞ্চলে বাণিজ্য, ভ্রমণ ও পর্যটনের বিশাল সম্ভাবনা সৃষ্টি করবে। কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমান—উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) এই ছয় সদস্যদেশকে একটি সমন্বিত রেল নেটওয়ার্কের আওতায় আনতে ২ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণের চুক্তি সই হয়েছে। এর মধ্য দিয়ে দেশগুলোর মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক একীভূতকরণের নতুন অধ্যায় শুরু হবে। বাণিজ্য, বিনিয়োগ ও ভ্রমণের ক্ষেত্রেও উন্মুক্ত হবে বিস্তৃত সম্ভাবনা। সড়ক ও রেল যোগাযোগের উপযোগী এই স্থায়ী সংযোগ নির্মিত হলে বাহরাইন বৃহত্তর উপসাগরীয় পরিবহন নেটওয়ার্কে প্রবেশের সুযোগ পাবে।
প্রকল্পটির আইনি ও নিয়ন্ত্রক কাঠামো তৈরির ক্ষেত্রে এই চুক্তি একটি বড় অগ্রগতি বলে অভিহিত করেছেন বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফা। তিনি উল্লেখ করেন, এটি কেবল যোগাযোগ অবকাঠামো নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দূরদর্শী বিনিয়োগ এবং আঞ্চলিক নেতাদের দীর্ঘদিনের সহযোগিতামূলক আকাঙ্ক্ষার সফল প্রতিফলন। একই মনোভাব ব্যক্ত করে জিসিসির মহাসচিব জাসেম আলবুদাইউই বলেন, পরিবহন খাতে সমন্বিত উদ্যোগকে একধাপ এগিয়ে নিয়ে একটি অভিন্ন রেল নেটওয়ার্ক গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। শেখ আবদুল্লাহ বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি ও নিয়ন্ত্রক কাঠামো সম্পন্ন করার ক্ষেত্রে চুক্তিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাত তাদের জাতীয় রেল নেটওয়ার্ক চালু করেছে এবং ওমানের সঙ্গে সীমান্ত পারাপারের কাজ দ্রুত এগোচ্ছে। ওমান ও আমিরাতের মধ্যে নির্মাণাধীন ২৩৮ কিলোমিটার দীর্ঘ ‘হাফিত রেল’ প্রকল্পটি ওমানের সোহার বন্দরকে আবুধাবির সঙ্গে আল বুরাইমি ও আল আইন হয়ে সরাসরি যুক্ত করবে। ২০২৭ সালে এই রুটে পরীক্ষামূলক রেল চলাচলের পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে, বাহরাইনকে এই বৃহৎ আঞ্চলিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে সৌদি আরবের সঙ্গে প্রস্তাবিত ‘কিং হামাদ কজওয়ে’ স্থায়ী পথ হিসেবে কাজ করবে। ২০২৭ সালে প্রকল্পটির পরীক্ষামূলক কার্যক্রম শুরুর কথা রয়েছে।
সাম্প্রতিক আঞ্চলিক অস্থিরতা ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সংকট তৈরি হওয়ায় বিকল্প ও নিরাপদ পরিবহন ব্যবস্থার প্রয়োজনীয়তা বহুগুণ বেড়ে গেছে। বাহরাইনের পরিবহনমন্ত্রী জানান, জলপথে প্রবাহ কমায় তারা সৌদি আরবের জেদ্দা ইসলামিক বন্দর, ওমানের সোহার ও দুকম বন্দর এবং আমিরাতের ফুজাইরা বন্দরের ওপর নির্ভরতা বাড়িয়ে সড়কপথে মালামাল পরিবহন করছেন। এই পরিস্থিতিতে প্রস্তাবিত জিসিসি রেল নেটওয়ার্ক আঞ্চলিক অর্থনীতির প্রাণশক্তি হিসেবে দীর্ঘমেয়াদি সুরক্ষা ও স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করবে। মন্ত্রী মত দেন, যেকোনো দেশের অর্থনীতির প্রাণশক্তি হলো পরিবহনব্যবস্থা।
সূত্র: গালফ বাংলা








