যুদ্ধ বন্ধে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ:

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ওমান যদি কোনোভাবে ‘বাধা হয়ে দাঁড়ায়’, তবে দেশটিতে ব্যাপক বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে সামরিক অভিযান শুরু করে। প্রায় ছয় মাস ধরে চলা এই সংঘাত নিরসনে ট্রাম্প বারবার দ্রুত যুদ্ধ শেষ ও স্থায়ী শান্তি চুক্তির কথা বলে আসছেন, তবে বাস্তবে এর কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এই পরিস্থিতিতে স্থানীয় সময় সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ হুমকি দেন।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ওমান যদি যুদ্ধ বন্ধের পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে আমরা তাদের ওপর ব্যাপক বোমা হামলা চালাব।’ এর আগেও গত মে মাসে মন্ত্রিসভার এক বৈঠকে অনানুষ্ঠানিকভাবে তিনি হুমকি দিয়ে বলেছিলেন, ওমান যদি ‘সঠিক আচরণ’ না করে, তবে তাদের ‘উড়িয়ে দেওয়া’ হবে। ট্রাম্পের এই আক্রমণাত্মক মনোভাব মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি যুদ্ধের পর থেকে কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ভৌগোলিকভাবে এই প্রণালির উত্তরে ইরান এবং দক্ষিণে ওমানের অবস্থান। সাম্প্রতিক সময়ে ইরান জানিয়েছে, তারা হরমুজ ব্যবস্থাপনার জন্য ওমানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। এই নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের আলোচনা চলমান রয়েছে, যা ট্রাম্পের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

গত শুক্রবার এক বক্তৃতায় ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করার হুমকি দেন। ট্রাম্পের এমন দাবির তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, হরমুজ দখলের কোনো চেষ্টা করা হলে ট্রাম্পের ‘পা ভেঙে দেওয়া’ হবে। একদিকে ইরান-ওমান কূটনৈতিক তৎপরতা এবং অন্যদিকে ট্রাম্পের সামরিক হুমকির মুখে হরমুজ প্রণালি ও পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে চরম অস্থিরতা বিরাজ করছে।

শেয়ার করুন