ইসরায়েলের এককভাবে ইরানের সঙ্গে যুদ্ধ করার সক্ষমতা নেই: আইআরজিসি

প্রকাশ:

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) রাজনৈতিক বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি দাবি করেছেন, এককভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো কোনো সক্ষমতা ইসরায়েলের নেই। তিনি অভিযোগ করেন, ইসরায়েল মূলত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের ‘প্রক্সি’ হিসেবে কাজ করছে এবং তাদের সহায়তায়ই এই সংঘাতে জড়িয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জাভানি জানান, সম্প্রতি শীর্ষ পর্যায়ে কমান্ডারদের নিয়োগ ইরানের প্রতিরক্ষা নীতিতে এক ‘আমূল রূপান্তর’-এর ইঙ্গিত বহন করে। নতুন নিয়োগপ্রাপ্ত এই কমান্ডাররা ইরান-ইরাক যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত। ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির নির্দেশনায় বর্তমান পরিস্থিতির আলোকে এই কৌশলগত পরিবর্তন আনা হয়েছে।

তিনি উদাহরণ হিসেবে বাসিজের প্রধান পদে হোজ্জাতুল ইসলাম হোসেইন তায়েবের নিয়োগের কথা তুলে ধরেন। এই নিয়োগের মাধ্যমে ‘গোয়েন্দা নেটওয়ার্ক’ শক্তিশালী করা এবং ‘প্রতিটি ইরানি নাগরিকই একজন বাসিজ’—এই বার্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া মেজর জেনারেল আহমাদ ওয়াহিদির নেতৃত্বে আইআরজিসিকে ‘সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা’ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে প্রতিরক্ষামূলক কৌশল যেকোনো সময় আক্রমণাত্মক রূপ নিতে পারে।

শত্রুপক্ষকে সতর্ক করে জাভানি বলেন, ইরান কখনোই যুদ্ধ শুরু করে না, তবে তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তিনি আরও বলেন, শত্রুদের জানা উচিত যে ইরানকে অপ্রস্তুত অবস্থায় ফেলে চমক সৃষ্টি করা সম্ভব নয়; বরং শত্রুপক্ষকেই বড় ধরনের কৌশলগত বিস্ময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। অতীতে শত্রুদের ভুল হিসাব-নিকাশ যে ব্যর্থ হয়েছে, তা স্মরণ করিয়ে দিয়ে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, যায়নবাদী ইসরায়েলের একক শক্তিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো সামর্থ্য নেই।

শেয়ার করুন