চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার সকালে নিয়োগের ২০ দিন পর ভবনের ফটকের তালা ভেঙে উপাচার্য দপ্তরে প্রবেশ করার পরই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, নতুন উপাচার্য ক্যাম্পাসে আসার খবর পেয়ে সকাল সাড়ে ৯টা থেকে আন্দোলনকারীরা ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে দুপুর ১২টার মধ্যে তাকে কার্যালয় ত্যাগের আলটিমেটাম দেন তারা। দাবি না মানায় দুপুর ১২টার পর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং উপাচার্য ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের সামনে বিশাল জমায়েত দেখা যায়। আন্দোলনরত শিক্ষার্থীদের ‘আমাদের দাবি মানতে হবে’ এবং ‘নতুন ভিসি প্রত্যাখ্যান’—এমন নানা স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। উপাচার্য ভবনের ভেতরে থাকা উপাচার্যকে লক্ষ্য করে নানা ক্ষোভ প্রকাশ করছেন তারা। মূলত নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদেই শিক্ষার্থীরা এই কঠোর অবস্থানে গেছেন বলে জানা গেছে।
সূত্র: দৈনিক আমার দেশ








